জনাব মো. আব্দুল্লাহ আল ফুয়াদ

দর্শনের সাথে জীবনের সম্পর্ক ঘনিষ্ট। দর্শন মানুষের কল্যাণের সাথে জড়িত। পুথিবীর যুদ্ধ-সন্ত্রাস বৈষম্যের বিরুদ্ধে শান্তি-শৃঙ্খলা ও ন্যায়ভিত্তিক সমাজের জন্য দর্শন প্রচীনকাল হতে অদ্যাবধি কাজ করে যাচ্ছে। কুসংস্কারমুক্ত, অসাম্প্রদায়িক ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে দর্শনের ভূমিকা অগ্রগন্য। বৃহত্তর স্বার্থে জীবনকে তুচ্ছ করে সত্য, সুন্দর ও মঙ্গলের আদর্শে উজ্জীবিত করে দর্শন। সত্যকে প্রতিষ্ঠিত করতে যুগে যুগে হাজারো প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছে দার্শনিকদের, একারণে প্রাণ বিসর্জন দিতে হয়েছে সক্রেটিস, ব্রুনোসহ অসংখ্য দার্শনিককে। জীবন ও জগতের রহস্য উৎঘাটনে যুক্তিভিত্তিক অনুসন্ধানে ও নিরপেক্ষ বিশ্লেষণে দর্শন একটি নিরলস প্রয়াস। এরিস্টটলের মতে, “আইনের ভয়ে অন্যেরা যা করে থাকে, স্বেচ্ছায় ও আনন্দে তাই করতে প্রেরণা যোগায় দর্শন”। দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী তথা ‘দর্শন পরিবার’ একই আদর্শে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। একটি সুখী, সমৃদ্ধশালী প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে এই বিভাগের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আমরা আশাবাদী।